ব্রিটেনে মুসলিমবিরোধী প্রচারণায় বিভ্রান্তিকর তথ্য

 
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্যে ব্রিটেনে ‘লিভ ডট ইইউ’ নামে যে গ্রুপটি প্রচারণা চালাচ্ছে, তাদের একটি টুইট বার্তাকে কেন্দ্র করে গ্রুপটিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটেনে বসবাসরত মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়ে গ্রুপটি টুইটারে তাদের বার্তাটি মুছে দিয়েছে।
 
তাদের টুইটে দাবি করা হয়েছে, লন্ডনে ৪২৩টি নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ৫০০টি গির্জা বন্ধ হয়ে গেছে। একই সাথে রাজধানীর নামকরণ করা হয়েছে ‘লন্ডনিস্তান’ এবং সেখানে লন্ডনের মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের একটি ছবিও দেওয়া হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
 
‘লিভ ডট ইইউ’র এই টুইট বার্তার তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনে বিরোধী লেবার পার্টির এমপি ওয়েস স্ট্রেটিং। ইসলাম সংক্রান্ত সংসদীয় কমিটির সহ-সভাপতি স্ট্রেটিং বলেছেন, ‘লিভ ডট ইইউ’ গ্রুপ এখন একটি ‘দক্ষিণপন্থী সংগঠনে’ পরিণত হয়েছে। ওয়েস স্ট্রেটিং বলেছেন, এধরনের একটি টুইট ‘বর্ণবাদী রাজনীতি’ ছাড়া আর কিছুই নয়।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ