আলজেরিয়ায় ক্ষমতায় আসছে সেনাবাহিনী !

আলজেরিয়ায় বুতেফলিকার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। ঘরে ফিরে যেতে বললেও বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে গতকাল সেনাবাহিনীর প্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ রাষ্ট্রীয় টেলিভিশনে সমপ্রচারিত ভাষণে বলেছেন, রাজনৈতিক সংকটের নিরসনে সব বিকল্প টেবিলে আছে। তিনি বলেছেন, সমস্যার সমাধানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই সকল মতবিরোধ দূর করা হবে উল্লেখ করে তিনি সহিংসতা থেকে দূরে থাকতে বিক্ষোভকারীদের প্রতি আহবান জানান। সেনাবাহিনী কী করবে সেই বিষয়ে সালাহ নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, সেনাবাহিনীর কোনো আকাংখা নেই, কিন্তু জাতির স্বার্থে কিছু করতে হবে। ধারণা করা হচ্ছে, বিক্ষোভ অব্যাহত থাকলে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিতে পারে। আগামী ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেনাপ্রধানের বক্তব্যের আগে দেশটির সাংবিধানিক কাউন্সিলের প্রধান তায়েব বেলায়েজ পদত্যাগ করেন বলে জানা গেছে। -রয়টার্স ও আল-জাজিরা