রাজধানীর ভাষানটেকে একটি নির্মাণাধীন ভবনের জমির মালিকের বাসায় হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ জন আহত ও ২ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—জমির মালিকের স্ত্রী শাহনাজ চৌধুরী (৪৮) ও তার মেয়ে তাহিয়া চৌধুরী (২০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাহাদি হাসান নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান, ১ নং বদিউজ্জামান রোডের ২৭৩/৩ নম্বর হোল্ডিং-এর ৬ তলা বাড়িটি মওলানা মাসুক রেজার মালিকানাধীন রাইয়ান রিয়েল এস্টেট নির্মাণ করছিল। কিন্তু জমির মালিক শওকত আহমেদ চৌধুরীর সঙ্গে নির্মাণ চুক্তি নিয়ে জটিলতার জের ধরে ক্যান্টনমেন্ট বোর্ড ওই নির্মাণকারী প্রতিষ্ঠানের নির্মাণ আদেশ বাতিল করে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে। এরও আগে নির্মাণকারী প্রতিষ্ঠান ওই ভবনে হামলা চালায়। গতকাল দুপুর ২ টার দিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজন ওই বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে সন্ধ্যা ৬ টার দিকে কে বা কারা দাহ্য তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল ওই বাড়ির চারতলায় জমির মালিকের বসবাসরত ফ্ল্যাটের উদ্দেশ্যে ছুড়ে মারে। বোতলটি ফ্ল্যাটের কলাপশিবল গেটের সামনে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় শাহনাজ চৌধুরী ও তার মেয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তাদের দুই হাত ও দুই পা দগ্ধ হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজন বাধা দেয় বলে অভিযোগ করেছেন জমির মালিকের মেয়ের স্বামী এনামুল হক।