কানাডায় ১৫ হকি খেলোয়াড় নিহত : প্রধানমন্ত্রী জাস্টিনের সমবেদনা!

সাসকাচুয়ানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুনিয়র বরফ হকি দল হামবলডট ব্রনকসের প্রধান কোচ এবং অধিনায়কসহ ১৫ সদস্য নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় কানাডা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, পুরো দেশ শোকে স্তব্ধ। 
 
তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এক টুইট বার্তায় লিখেছেন, এদের বাবা-মারা এখন কিসের ভেতর দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না।
 
এদিকে বিভিন্ন দেশের সরকার প্রধানরা কানাডীয় প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন এবং জানাচ্ছেন।
 
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটায় কানাডার সাসকাচুয়ান প্রদেশের টিসডেইলের উত্তরাঞ্চলে হাইওয়ে থার্টি ফাইভে সাসকাচুয়ানের জুনিয়র হকি লীগের (বয়স ১৬ থেকে ২১ বছর) খেলোয়াড়দের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। জুনিয়র হকি দলটি একটি প্লে-অফ ম্যাচে অংশ নিতে যাচ্ছিল। 
 
কানাডিয়ান পুলিশ জানিয়েছে, বাসে থাকা ২৮ জনের মধ্যে চালকসহ ১৫ জন নিহত হয়েছেন। আর আহত কয়েকজন হাসপাতালে রয়েছেন।
 
ইত্তেফাক/কেকে