চকবাজারের চুড়িহাট্টা, বনানীর এফ আর টাওয়ার, ভাষানটেক বস্তি এবং ডিএনসিসির কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে নাগরিকদের মধ্যে উত্কণ্ঠা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে, ৮ তলায় শর্টসার্কিট থেকেই বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গতকাল সচিবালয়ে সামপ্রতিক সময়ে সংগঠিত দুর্যোগ নিয়ে করণীয় নির্ধারণ এবং দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উচ্চ পর্যায়ের এ বৈঠকে এফ আর টাওয়ারের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। আলোচনার পর নেওয়া সিদ্ধান্তে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বরাবরে সুপারিশগুলো পাঠানো হবে। এসব সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। উচ্চ পর্যায়ের এ বৈঠকে আলোচনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগরীতে পর পর বেশ কয়েকটি স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গতকালের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানানো হয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ, বিভিন্ন ভবনের অনুমোদনহীন ব্যবহার, ভবন ব্যবহারকারীদের জরুরি নির্গমন বিষয়ে জ্ঞান না থাকা এবং দাহ্য ও বিস্ফোরক পদার্থের অনুমোদনহীন গুদামজাত করার কারণে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈঠকে অগ্নিকাণ্ডের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সারা দেশের ১৩টি স্থানে সংগঠিত টর্নেডো ও কালবৈশাখী ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করা হয়।