সুপ্রভাত পরিবহনের বাস চালানোর আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টে রিট

সড়ক দুর্ঘটনায় বিইউপির শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনায় বন্ধ হওয়া সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতির আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল।

গত ২০ মার্চ বিআরটিএ কর্তৃপক্ষ এক আদেশে সুপ্রভাত পরিবহন কোম্পানির ১৬৩টি বাস চলাচল বন্ধ করে দেয়। পহেলা এপ্রিল একটি চিঠি দিয়ে বাস চালানোর অনুমতি চায় ওই কোম্পানি। কিন্তু অনুমতি না পেয়ে লিগ্যাল নোটিস দেয় তারা। পরে রিট করে। গত ১৯ মার্চ যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় আবরার নিহত হন।