খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। গতকাল রবিবার দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুই সিটি করপোরেশন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা। প্রথমে খুলনা সিটি করপোরেশনের তিন মেয়র পদপ্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শেষে গাজীপুর সিটি করপোরেশন থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
সাক্ষাৎকার গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে মনোনয়ন চুড়ান্ত করতে পারেননি বোর্ড সদস্যরা। দলের হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।
খুলনায় মেয়র পদের জন্য বর্তমান মেয়র মো. মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সাক্ষাৎকার দেন।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে লড়তে দলের মনোনয়ন পেতে সাক্ষাতকার দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।
খুলনা সিটির বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি বলেন, আমি দলের সিদ্ধান্ত মেনে নেব। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার জন্য কাজ করব। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম মঞ্জু বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিজয়ী হবে।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। খুলনা সিটি করপোরেশন গঠিত ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে। এখানে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রনহণ হবে।
ইত্তেফাক/কেআই