কোটা সংস্কারের দাবিতে আবারো রাস্তায় নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি ও রোকেয়া হলের সামনে বিভিন্ন দিক থেকে এসে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে তারা ক্যাম্পাসের ভেতর দিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় ও টিয়ালশেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর মিছিল করেন। প্রায় ১০ হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।
এর আগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মূলত ঢাবি’র ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এই মানববন্ধনের আয়োজন করেন। তারা পুলিশি হামলার বিচার দাবি করেন।
উল্লেখ্য, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রবিবার বিকাল থেকে শাহবাগ এলাকা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত আটটার দিকে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল এবং গুলিতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে পুলিশের সদস্যও রয়েছেন।
ইত্তেফাক/কেকে