বিজেপি সাংসদের দ্বারা ধর্ষিত নারীর পিতার মৃত্যু, ৬ পুলিশ বরখাস্ত

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে সপরিবারে আত্মহত্যা করতে যাওয়া ধর্ষিতা নারীর পিতা পাপ্পু সিং (৫০) সোমবার ভারতের উত্তরপ্রদেশের উন্নাও হাসপাতালে মারা গেছেন।
 
বিজেপি সংসদ সদস্য কুলদীপ সিং সেনাগার ও তার ভাইয়ের দ্বারা গত বছর পাপ্পু সিংয়ের এক মেয়ে ধর্ষণের শিকার হন। এরপর তারা বেশকয়েক বার স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করে উল্টা হয়রানি শুরু করে। এর প্রতিবাদে রবিবার লক্ষ্নৌয়ে আদিত্যনাথের বাড়িতে সপরিবারে আত্মহত্যার চেষ্টা করেন পাপ্পু সিং।
 
এদিকে ধর্ষকেরা হয়রানি করতে মেয়েটির বাবা পাপ্পু সিংয়ের নামেই থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সপ্তাহে তাকে প্রচুর মারধোরও করা হয়। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। লক্ষ্নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি। যাদেরকে দোষী পাওয়া যাবে তাদের কাউকে কে ছাড় দেয়া হবে না। সরকারও কোন ধরনের সহমর্মিতা দেখাবে না। 
 
ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।দুই পুলিশ কর্মকর্তা ও চার কনস্টেবলকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।এছাড়া পাপ্পু সিংয়ের উপর হামলার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে।এনডিটিভি। 
 
ইত্তেফাক/রেজা