ভারতের লাদাখ সীমান্তে প্যাংগং হ্রদ ও তার লাগোয়া এলাকায় নজর রাখতে টহলদার রণতরী (পেট্রোল বোট) নামিয়েছে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এক বিবৃতিতে বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ওই টহলদার রণতরী বানানো ও মোতায়েন করা হয়েছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম ‘বেইজিং ইভনিং নিউজ’ এ প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, শুধু ওই টহলদার রণতরী মোতায়েনই নয়, নিজেদের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নজরদারির ব্যবস্থাকে আরো জোরদার করতে সার্ভেইল্যান্স ক্যামেরা নেটওয়ার্কও বানিয়ে ফেলেছে পিএলএ। ওই এলাকায় উপগ্রহ দ্বারা নজরদারি ব্যবস্থা চালুরও প্রস্তুতি নিচ্ছে তারা।
এতে দিল্লী জানিয়েছে, বিষয়টির উপর কড়া নজর রাখছে ভারত। জানা গেছে, যে এলাকাগুলি নিয়ে ভারত-চীনের দীর্ঘদিনের বিরোধ লেগে আছে, প্যাংগং হ্রদ তার মধ্যে অন্যতম। ওই হ্রদটি রয়েছে ৪ হাজার ২৫০ মিটার উচ্চতায়। গত আগস্টে এই বিতর্কিত এলাকায় দু’দেশের সেনাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল। জি নিউজ।
ইত্তেফাক/সেতু