গত ৯ এপ্রিল গণমাধ্যমের কাছে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। এ বিষয়টি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়।
পরে উদ্বেগের অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর যেন কোনো ধরনের ভ্যাট বসানো না হয়।
একইসঙ্গে সরকারি চাকরি কোটার বিষয়ে শিক্ষার্থী ও চাকরি-প্রত্যাশীদের দাবি বিবেচনায় নিয়ে ৭ মের মধ্যে সমাধানের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আশ্বাসের বিষয়টিও সাধুবাদযোগ্য।
প্রধানমন্ত্রী এতো অল্প সময়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো আমলে নিয়েছেন বলে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করছেন, যাদের একটা বড় অংশ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। তাদের উচ্চশিক্ষার স্বার্থে সব সময় বর্তমান সরকার এভাবেই পাশে থাকবে বলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আশা প্রকাশ করে।
সরকারের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষা বিস্তারে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সবসময় বর্তমান সরকারের পাশে আছে।
ইত্তেফাক/ইউবি