গাজা সীমান্তে নিরস্ত্র একজন ফিলিস্তিনিকে গুলি করে উল্লাসে ফেটে পরছে ইসরাইলি সেনারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। এতে নিজের দেশের রাজনীতিবিদদের নিন্দার মুখে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এর তদন্ত করছে।
রাইফেলের ওপর বসানো টেলিস্কোপের ভেতর দিয়ে তোলা ভিডিওটি ইসরাইলি টিভিতেও ব্যাপক প্রচার পায়। এর পর এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ভিডিওটি সম্ভবত গাজা-ইসরাইল সীমান্তে তোলা এবং কয়েক মাস আগের ঘটনা। সোমবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, তিন জন লোক একটা বেড়া বা প্রতিবন্ধকের দিকে এগিয়ে আসছে। এর পর একটা গুলি করার মত শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তিন জন লোকের একজন- যে স্থির হয়ে দাঁড়িয়ে ছিল এবং নিরস্ত্র ছিল- সে মাটিতে পড়ে যায়।
IMG0
এর পর হিব্রু ভাষায় একজনকে উল্লসিতভাবে বলতে শোনা যায়, ‘ওয়াও- দারুণ ভিডিও, হ্যাঁ। কুকুরের বাচ্চা! কি দারুণ একটা ভিডিও!’ এর পর বেশ কিছু লোককে দেখা যায় দৌড়ে গুলি-খাওয়া লোকটিকে উদ্ধার করতে যাচ্ছে। সে বেঁচে আছে কিনা তা স্পষ্ট নয়।
ইসরায়েলের চ্যানেল-টেন টেলিভিশনে এটা প্রথম দেখানো হয়। ভিডিওটি দেখার পর ইসরাইলি-আরব এমপি আয়মান ওদেহ দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে টুইট করেন ‘মানুষের মনকে আতংকিত করে, যাতে দেখা যাচ্ছে- যে লোকটি কাউকে কোন হুমকি দেয় নি তাকে হত্যা করে উল্লাস করা হচ্ছে।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু