শেয়ার কেলেঙ্কারির মামলায় খালাস পাওয়া তিন ব্যক্তিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আত্মসমর্পণের পর তাদের জামিন আবেদন বিবেচনা করতে বলা হয়েছে। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সোমবার এই আদেশ দেন। এছাড়া খালাসের ওই রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির এক মামলায় খালাস দেয়া হয় চট্টগ্রাম সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং কোম্পানি লিমিটেডের তত্কালীন চেয়ারম্যান আবু তৈয়ব এবং দুই পরিচালক এএস শহীদুল হক বুলবুল ও রাকিবুর রহমানপল। গত বছরের ৩১ মে এ রায় দেয় পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। আদালতে বিএসইসির পক্ষে আইনজীবী এএম মাসুম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম শুনানি করেন।
ইত্তেফাক/নূহু