'আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা সমস্যা সমাধান হবে'

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেছেন, বর্তমান সরকারের শাসনামলেই ভারতের সাথে সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তার পানি সমস্যার সমাধান হবে।
 
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে ‘দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠির উন্নয়ন ও সম্ভাব্য উদ্যোগ’ বিষয়ক এক মতবিনিময় শেষে ড. গওহর রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় নিজেদের ভুল বুঝতে পেরেছে। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন তিনি।
 
উপদেষ্টা আরও বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজের পিছিয়েপড়া দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠির উন্নয়ন অপরিহার্য। যাতে সমাজের কেউই পিছিয়ে না থাকে সেজন্য সকলে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকার বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে।
 
রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ-এর সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাতীয় সংসদের অলপার্টি পার্লামেন্টারিয়ান কমিটির সেক্রেটারি শিশির শীলসহ দলিত, আদিবাসী ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 
ইত্তেফাক/এসএস