প্রবৃদ্ধি নিয়ে মে মাসেই বিশ্বব্যাংকের তথ্য হালনাগাদের সময় দিলাম: পরিকল্পনামন্ত্রী

মে মাসের মধ্যে বিশ্বব্যাংকের তথ্য হালনাগাদ করে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 
চলতি অর্থবছর (২০১৭-১৮) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি সাড়ে ৬ ভাগ হতে পারে, সোমবার বিশ্বব্যাংকের এমন প্রতিবেদন প্রকাশের পর বুধবার সংবাদ সম্মেলন করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংক যে তথ্য প্রকাশ করেছে তা অনুমান নির্ভর। তাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। সেজন্য সরকারের হিসাবের সাথে তাদের প্রাক্কলনের পার্থক্য হচ্ছে। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাথে বসে তথ্য হালনাগাদ করতে হবে। 
 
মন্ত্রী বলেন, আমি বিশ্বব্যাংকে মে মাস পর্যন্ত সময় দিলাম। যাতে করে তারা সঠিক ভাবে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন হালনাগাদ করতে পারে। বুধবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
ইত্তেফাক/এমআই