বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এসব কথা বলেছেন, “পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ রুখে দেয়া সম্ভব নয়, এটাকে সামাজিকভাবে রুখে দিতে হবে। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নিরসনে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশ জনগণকে সাথে নিয়ে সফলতার সাথে জঙ্গিবাদ মোকাবেলা করে আসছে।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুধবার অনুষ্ঠিত জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “আমাদের দেশের উন্নয়নের জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু এ উন্নয়নকে দমিয়ে দেয়ার জন্য জঙ্গিবাদ ও মাদক আমাদের পেছনে লেলিয়ে দেয়া হয়েছে। মাদক ও জঙ্গিবাদের সফট টার্গেটে আছে যুব সমাজ। এই প্রধান সমস্যা দুটিকে রুখে হলে জনগণকে সচেতন হতে হবে। বিশেষ করে প্রত্যেক অবিভাবককে সচেতন হতে হবে।”
সমাবেশে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর। এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের (বিইউপি) উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাসেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, প্রক্টর ড. ফরিদুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি