সিরিয়া নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়ায় অবৈধ কোনো সামরিক অভিযানের দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছেন, সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। সৌদি আরবসহ পশ্চিমা বিশ্ব এই হামলায় অংশ নিতে পারে বলে আভাস পাওয়া গেছে। খবর বিবিসি ও রয়টার্সের
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সন্দেহজনক রাসায়নিক হামলাকে কেন্দ্র করে সিরিয়ায় সামরিক অভিযান এড়িয়ে চলা উচিত যুক্তরাষ্ট্রের। তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় সামরিক অভিযান চালায় তাহলে সেটা হবে অবৈধ। আর এই অবৈধ অভিযানের দায়িত্ব ওয়াশিংটনকেই নিতে হবে। কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে, দৌমায় যারা রাসায়নিক হামলা চালিয়েছে তাদের লক্ষ্য করে হামলায় তারা একমত।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, যারা রাসায়নিক হামলা চালিয়েছে তাদের ওপর হামলা হবে। এ ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প শক্তি প্রয়োগের কথা জানিয়েছেন। তিনি ল্যাটিন আমেরিকা সফরও বাতিল করেছেন। তিনি রাশিয়াকে সতর্ক করে এক টুইটার বার্তায় বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে রাশিয়ার প্রস্তুত থাকা উচিত। রাসায়নিক হামলা চালানোয় সামরিক অভিযান চালানো হবে।
তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ‘গ্যাস দিয়ে হত্যাকারী পশু’ হিসেবে উল্লেখ করেন। গত শনিবার বিভিন্ন মানবাধিকার গ্রুপ ও উদ্ধারকর্মীরা জানান, দৌমায় সরকারি বিমান থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছে যাতে ৭০ জনের বেশি নিহত হয়। তবে দেশটির সরকার এবং রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইত্তেফাক/মোস্তাফিজ