ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আরশাদ আলী মিয়া মহিলা কলেজে বিনা নির্বাচনে গভর্নিং বডি গঠন কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তফসিল বিহীন নির্বাচন এবং বিবাদীগণের কর্মতৎপরতার নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
রুলের বাদী হলেন এসএম আবদুল্লাহ। হাইকোর্টের রুলটি তুলে ধরা হলো-
‘ইহার গভর্নিং বডির সভাপতি ও কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে রিট মোকদ্দমা নং ১৩৮৪৮/২০১৮, মহামান্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক আদালতে গত ১৩/১১/২০১৮ইং তারিখে দায়ের পূর্বক বিবাদীগণের উক্ত কলেজ গভর্নিং বডির কথিত নির্বাচন বাতিল করার কার্যক্রম সম্পর্কে নিষ্ক্রিয় থাকায় বাদী উক্ত মোকদ্দমা দায়ের করেন। বাদী পক্ষ নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ড. জে.কে. পালের বক্তব্য শুনানিক্রমে বিবাদীগণের উপরে রুল নিশি জারী পূর্বক ফরিদপুরের সদরপুরে মহিলা কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠন সম্পর্কে নিষ্ক্রিয় থাকার বিষয়টিকে কেন বেআইনি ও অবৈধ বা আইন বহির্ভূত মর্মে ঘোষণা করা হইবে না এবং উক্ত মহিলা কলেজের সভাপতি ও অধ্যক্ষের নিয়ন্ত্রণে বিনা নির্বাচনে গঠিত গভর্নিং বডি ও বিশ্ববিদ্যালয় বিধিমালা বহির্ভূতভাবে এবং তফসীল বিহীন নির্বাচনকে কেন বেআইনি ও অবৈধ বা আইন বহির্ভূত ঘোষণা করা হইবে না এবং তৎমর্মে অন্যান্য আদেশ প্রদান করা হইবে না-করান দর্শানোর জন্য মহামান্য হাইকোর্ট আদেশ প্রদান করেন।’
‘ইহা ছাড়াও উল্লেখিত মোকদ্দমা চূড়ান্ত শুনানির পূর্বে বাদী কর্তৃক ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবরে দাখিলকৃত গত ১৬/০৯/২০১৮ইং তারিখের দরখাস্তটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরকে মহামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেন।’
ইত্তেফাক/জেডএইচ