ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের পক্ষে প্রচারে নেমে ফেরদৌসের পর বিতর্কে উঠে এসেছেন আরেক বাংলাদেশি অভিনেতা। পশ্চিমবঙ্গের বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র গাজী আবদুন নুরের বিরুদ্ধে এরই মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিজেপি। আনন্দবাজার।
এর আগে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করে শোরগোল ফেলে দেন বাংলাদেশি নায়ক ফেরদৌস। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি এবং সিপিএম।
ফেরদৌসকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা বাতিল করে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়ার পরই প্রকাশ্যে আসে, একই ভাবে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন অভিনেতা গাজি আব্দুন নুর। রাজ্যের মানুষের কাছে গাজি নুর কয়েকটি জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার সূত্রে খুবই পরিচিত মুখ।
মঙ্গলবার বিকেলে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাবের সঙ্গে দেখা করে অভিযোগ করেন। বিজেপি সূত্রে খবর, তাঁরা একটি ভিডিও জমা দিয়েছেন কমিশনকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের রোড শোতে একটি প্রচার গাড়ি থেকে গাজি নুর জনতার উদ্দেশে হাত নাড়ছেন। তাঁর পাশে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
নির্বাচন কমিশন বিজেপির করা ওই অভিযোগ নিয়ে মুখ খোলেনি। তবে কমিশনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী বিধিতে অন্য দেশের কোনও নাগরিককে দিয়ে নির্বাচনী প্রচার করানো যাবে না, এ বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশ নেই। তাই গোটা বিষয়টি আমরা দিল্লিতে নির্বাচন সদনে জানাচ্ছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’
আরও পড়ুনঃ ‘থানা ম্যানেজ করা’ আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের কাছে আমেরিকার ভিসা
ফেরদৌসের বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যুরো অব ইমিগ্রেশনের কাছে রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়, ফেরদৌস তাঁর ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তারপরই তাঁর ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করে মন্ত্রণালয়। জানানো হয় বাংলাদেশ দূতাবাসকেও। মঙ্গলবার রাতেই ঢাকায় ফিরে যান তিনি। গাজির বিরুদ্ধেও একই রকম কড়া ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/টিএস