রংপুর জেলা জাসদের অন্যতম নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মাসুদ নবী মুন্না এবং রংপুর সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোখলেছুর রহমান তরুসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
আজ সোমবার সকালে রংপুর নগরীর পল্লী নির্বাসে এ যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে একের পর এক নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় এরশাদ বলেন, 'জাতীয় পার্টি একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সকলেই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবিদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষণিক খোলা। জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আজ আস্থা পাচ্ছে।'
যোগদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তাফ, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আক্তার ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুউজ্জামান জাহাঙ্গীর ও রংপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. একরামুল হোসেন শাহাদৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এসএস