রাজধানীর গুলশানের একটি তারকা খচিত হোটেলে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো জমকালো আয়োজনে গ্ল্যামশো। ঢাকার বৃহত্তম ফ্যাশন রানওয়ে হিসেবে খ্যাত গ্ল্যামশো যাত্রা শুরু করে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর। সেই থেকে প্রতিবছর চলছে নিয়মিত এ ফ্যাশনের আয়োজন। গ্ল্যামশোর আয়োজক রাইসা নাসের খান বলেন, ‘তরুণ ও প্রতিভাবান ডিজাইনারদের জন্যই মূলত এই ফ্যাশন শোয়ের আয়োজন। কেননা বড় বড় ডিজাইনারদের জন্য ভালো প্লাটফর্ম থাকলেও তরুণদের তা নেই। তরুণদের সেই সুযোগ করে দেওয়ার জন্য এই আয়োজন।’ তিনি আরো বলেন, ‘একজন সংগ্রামী তরুণ ফ্যাশন এন্টারপ্রেনার হিসেবে আমি তরুণদের জন্যই ফ্যাশন শোয়ের মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করেছি। তরুণেরা স্বীকৃতির পাওয়ায় বেশ খুশি। আমি বিশ্বাস করি, যখন একজন নারী অন্য নারীদের বড় হতে সুযোগ দেয়, তখনই নারীর অবস্থান আরো শক্তিশালী হয় এবং নারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একজন তরুণ পুরুষ ডিজাইনারকেও সুযোগ দিয়েছি, যিনি নিজের ব্র্যান্ড ‘খান’-এর নামে শোটিতে অংশগ্রহণ করেছিলেন। সবমিলিয়ে ৮ জন ডিজাইনার অংশগ্রহণ করেন তাদের তৈরি পোশাক নিয়ে। আমি তরুণদের জন্য আরো কিছু করার কথা ভাবছি। যাতে গ্ল্যামশো থেকে তারা সম্ভাব্য সেরা জিনিসগুলো পরিবেশন করে মানুষের মুগ্ধতা অর্জন করতে পারে।’