জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সম্প্রতি প্রকাশিত হলো কণ্ঠশিল্পী শাহনাজ রহমান সুমির একক অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ত্ব শাইখ সিরাজ, নজরুল সংগীতশিল্পী সুজিত মুস্তাফা, সালাউদ্দীন আহমদ, সংগীতশিল্পী তপন চৌধুরী, নাট্য অভিনেতা মানস বন্দোপাধ্যায়, কণ্ঠশিল্পী সুমিসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সংগীত কলেজের উপাধ্যক্ষ ইন্দু প্রভা দাস। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী স্বকণ্ঠে অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, শিল্পী সুমির এটি একক আধুনিক গানের অ্যালবাম। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন উদয় বন্দোপাধ্যায়। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে।