g তা হ মি না মি লি
হলিউডে সুপারন্যাচারাল হরর মুভি ‘পেট সেমেট্রি’ মুক্তি পেয়েছে হালে। ১৯৮৩ সালে লেখা একই নামের উপন্যাস অবলম্বনে ১৯৮৯ সালে নির্মিত হয়েছিল একটি সিনেমা। দীর্ঘদিন পর আবার একই গল্পে নিয়ে নির্মিত নতুন ছবিটি দর্শকপ্রিয়তা লাভ করেছে। নতুন বাড়িতে বসবাস করতে গিয়ে একটি পরিবার তাদের বাড়ির পাশে রহস্যজনক কবরস্থানের সন্ধান পায়। এরপর ঘটতে থাকে অতিপ্রাকৃত নানা ঘটনা, ফলে নতুন বাড়িতে তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠতে থাকে। তেমন গল্পের রিমেক হলিউডি সিনেমাটিতে প্রধান নারী চরিত্র র্যাচেল ক্রিডের ভূমিকায় অভিনয় করেছেন এমি সেইমেটজ। ৩৭ বছর বয়সী হলিউডি এই অভিনেত্রী একাধারে লেখিকা, প্রযোজক, পরিচালক ও সম্পাদকও। ছোটপর্দায় বেশ অনেকগুলো সিরিজে তার উজ্জ্বল উপস্থিতি ঘরে ঘরে পরিচিত করেছে তাকে। এ প্রসঙ্গে ‘ফ্যামিলি ট্রি’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘স্পেশাল ভিকটিমস ইউনিট’, ‘দ্য কিলিং’, ‘জুনিয়র’, ‘দ্য গার্লফ্রেন্ড এক্সপেরিয়েন্স’, ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘হল্ট অ্যান্ড ক্যাচ ফায়ার’, ‘আটলান্টা’, ‘গেটসর্টলি’ প্রভৃতি জনপ্রিয় টিভি সিরিজের কথা উল্লেখ করা যায়। আমেরিকার ফ্লোরিডাতে টাম্বা সেন্ট পিটার্সবার্গ এলাকায় এমির জন্ম ও বেড়ে ওঠা। লস অ্যাঞ্জেলসে চলে আসার আগ পর্যন্ত স্কুলজীবন কেটেছে তার সেখানেই। সিনেমা সম্পর্কে যখন শেখার কাজ শুরু করেন এর পাশাপাশি ওয়েট্রেসেরও কাজ করেছেন বাড়তি উপার্জনের জন্য। সিনেমায় সম্পৃক্ত হওয়ার শুরুতে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা পরিচালনা ও প্রযোজনার সঙ্গে নিজেকে যুক্ত করেন। এক্ষেত্রে নিজের সৃজনশীলতার প্রমাণ দিতে সক্ষমও হন। অভিনয় ও পরিচালনায় নিজেকে সমানভাবে ব্যস্ত রেখেছেন দীর্ঘসময় ধরে। তার দক্ষতা ও অভিজ্ঞতা হলিউডে সমসাময়িক অন্যান্য অভিনেত্রীর মধ্যে বিরল। তার অভিনীত হলিউডি সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আপস্টিম কালার’, ‘নাইন ফুল মুনস’, ‘দ্য স্যাকরামেন্ট’, ‘দ্য দেম’, ‘আই বিলিভ ইন ইউনিকমস’, ‘দ্য বিকনস্ট্রাকশন অব উইলিয়াম জিরো’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘মা’, ‘লাভ সঙ’, ‘অ্যালিয়েন : কনভেন্যান্ট’, ‘লিন অন পেটি’, ‘মাই ডেজ অব মার্সি’, ‘ওয়াইল্ড কাইট উইথ এমিলি’ প্রভৃতি। বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অভিনেত্রী ও নির্মাতা হিসেবে পুরস্কার জয়ী এমি সেইমেটজ তার সাম্প্রতিক অভিনীত সিনেমা ‘পেট সেমেট্রি’ প্রসঙ্গে বলেন, ‘আরো অনেক বছর আগে ভৌতিক কাহিনির সিনেমাটি নির্মিত হয়েছিল। তখনো বেশ সাড়া জাগিয়েছিল। আমি তখন ছবিটি দেখে আলোড়িত হয়েছিলাম ভীষণ। আবার অনেক দিন পর একই কাহিনির ছবিটি নির্মিত হবে আমি ভাবিনি। আমি এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। আমার অভিনীত চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। দর্শক আমার কাজের প্রশংসা করছেন, আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি।’ এমি সেইমেটজ আরো বলেন, ‘আমার যাত্রা শুরু হয়েছিল শর্ট ফিল্ম, ইন্ডিপেনডেন্ট ফিল্ম পরিচালনা ও প্রযোজনার মাধ্যমে। এরপর আমি অভিনয়ে যুক্ত হয়েছি স্ক্রিপ্টও লিখতে শুরু করেছি। সবগুলো কাজই আমার ভালো লাগা বিষয়। আমি স্বাচ্ছন্দ্যও বোধ করি প্রতিটি কাজে।’