কুমিল্লার মামলায় হাইকোর্টে জামিন চাইবেন খালেদা জিয়া

কুমিল্লার নাশকতার মামলায় হাইকোর্টে জামিন চাইবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জামিন না- মঞ্জুর সংক্রান্ত নিম্ন আদালতের আদেশের নকলপ্রাপ্তি সাপেক্ষে এ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। 
 
এদিকে দুটি মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর ২৫ এপ্রিল ও ৮ মে শুনানি অনুষ্ঠিত হবে। ম্যাজিস্ট্রেট আদালত শুনানির জন্য এ দিন ধার্য করে দিয়েছেন। দুটি মামলার একটি ঢাকার আদালতে। অপরটি নড়াইল জেলা আদালতে। এ প্রসঙ্গে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ইত্তেফাককে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার জেল জীবনকে দীর্ঘায়িত করার জন্যই তার জামিন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে দিচ্ছে।
 
কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ ও মানুষের প্রাণহানির ঘটনায় করা মামলায় ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়। এখন হাইকোর্টে ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হবে বলে জানান বিএনপির আইন সম্পাদক। তিনি বলেন, নিম্ন আদালতের আদেশের নকল পাওয়ার পরই হাইকোর্টে জামিন চাওয়া হবে।
 
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ার পরই গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
 
ইত্তেফাক/কেকে