নারী সাংবাদিকের গাল স্পর্শ করে ক্ষমা চাইলেন তামিলনাড়ুর রাজ্যপাল

নারী সাংবাদিকের গালে হাত দিয়ে চাপের মুখে বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। 
 
নিজের আচরণের সমর্থনে বনওয়ারিলালের দাবি, ‘৪০ বছর সাংবাদিকতার পেশার সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওই সাংবাদিকের কাজে খুশি হয়েই স্নেহ করেছি।’ 
 
মঙ্গলবার চেন্নাইয়ের রাজভবনে সাংবাদিক বৈঠকে শেষে লক্ষ্মী সুব্রহ্মণ্যম নামে এক সাংবাদিকের গাল স্পর্শ করেন ৭৮ বছর বয়সী বনওয়ারিলাল পুরোহিত। রাজ্যপালের এহেন আচরণের প্রতিবাদ জানান লক্ষ্মী সুব্রহ্মণ্যম। তিনি বলেন, ‘সমস্ত সীমারেখা পার করেছেন রাজ্যপাল। আমি কয়েকবার মুখ ধুয়েছি। তার পরও ঘটনাটি ভুলতে পারছি না। আপনার কাছে এটা দাদুর মতো আচরণ হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভুল।’
 
বিতর্ক এড়াতে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন,'‘আমি বুঝতে পারছি আপনি আহত হয়েছেন। নাতনির মতোই স্নেহভরে আপনার গালে হাত দিয়েছি। সাংবাদিক হিসেবে আপনার কাজের প্রশংসা হিসেবেই এমনটা করেছি।'
 
রাজ্যপালের চিঠি জবাবে লক্ষ্মী সুব্রহ্মণ্যম টুইট করেন, 'আপনার ক্ষমাপ্রার্থনা আমি গ্রহণ করছি। যদিও আপনার ব্যাখ্যায় আমি খুশি নই।'  জিনিউজ
 
ইত্তেফাক/ইউবি