মিরপুরে মাদক ব্যবসার অভিযোগে হিজড়া বাবরের বিরুদ্ধে বিক্ষোভ

মিরপুরে মাদক ব্যবসা ও নির্যাতনের অভিযোগে বাবর ফারদীন নামে এক হিজড়ার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিহারীদের সংগঠন উর্দু স্পিকিং পিপলস্ ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)।
 
সমাবেশে বক্তারা বলেন, পল্লবীর সেকশন ১১ ব্লক-এ এডিসি ক্যাম্প ও পল্লবীর বিভিন্ন এলাকায় নিরাপদে মাদক ব্যবসা করে যাচ্ছে হিজড়া রূপধারী বাবর ফারদীন। হিজড়া রূপধারণ করায় পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারেনা। এজন্যই মাদক ব্যবসা, খুন ও নিরীহ মানুষদের ওপর নির্যাতন করেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে সে।
 
বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর পল্লবীর বাজার রোডে বাবরসহ অন্যন্য মাদক ব্যবসায়ীদের ক্যাম্প থেকে উৎখাত করার দাবিতে বিহারীদের সংগঠন ‘উর্দু স্পিকিং পিপলস্ ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলে ধরা হয়।
 
সমাবেশে ইউএসপিওয়াইআরেএম’র সভাপতি মো. সাদাকাত খান বলেন, বাবর হিজড়ার রূপ ধারণ করে মাদক ব্যবসা ও খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ নিরাপদেই করে যাচ্ছে। মাদক ব্যবসা ছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ আরো দুইটি হত্যার অভিযোগ রয়েছে। সাধারণ ক্যাম্পবাসীর উপর সে অমানবিক নির্যাতন চালাচ্ছে। সে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার সাহস পায়না। 
 
সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদ বাবলু বলেন, মিরপুর সেকশন ১০, ১১ ও ১২তে খোলামেলাভাবেই ইয়াবা ও গাজাসহ বিভিন্ন মাদক বিক্রি করাচ্ছে বাবর। ছোট ছোট বাচ্চাদের মাদক সেবনে অভ্যস্ত করিয়ে তাদের দিয়েই মাদক বিক্রি করায় সে।
 
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, আমি এ এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছি। আমার সময় এ এলাকার নামকরা মাদক ব্যবসায়ী রাজীবকে গ্রেপ্তার করেছি। মাদক ব্যবসায়ী কাল্লুকে গ্রেপ্তার করেছি। এ বাবর হিজড়া হোক বা যেই হোক, সে অপরাধের সাথে জড়িত। ইতিমধ্যে এক সাংবাদিকের ওপর হামলার মামলা হয়েছে তার বিরুদ্ধে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। জনতা ও পুলিশ একসাথে কাজ করলে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই এ এলাকায় হবে না।