জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক লাঞ্ছনার বিচার, প্রক্টরিয়ার বডির অপসারণসহ বিভিন্ন দাবিতে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র অধ্যাপক ফরিদ আহমেদ এ কর্মসূচি এ ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হলো, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত শিক্ষক, ছাত্র সংগঠন, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং জনসংযোগ। আগামী মঙ্গলবার পুরনো প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা প্রদর্শন। বুধবার উপাচার্য কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন।
এই এক সপ্তাহের মধ্যে শিক্ষক লাঞ্ছনার বিচার, প্রক্টরিয়ার বডির অপসারণ, দুই পক্ষের শিক্ষকদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন না করা হলে আগামী বৃহস্পতিবার পরবর্তীর কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তারা। এর আগে একই দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষকরা। অবরোধের কারণে প্রশাসনকি সব কার্যক্রম বন্ধ ছিল।
পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে আন্দোলনকারী শিক্ষকরা। মানববন্ধনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের মুখপাত্র অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ভিসিপন্থী শিক্ষকদের দ্বারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে প্রায় ৮০জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে বেলা ১১টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এসময় উপাচার্য সব শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে সেশনজট মুক্ত করার আহ্বান জানান।
ইত্তেফাক/আরকেজি