ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

 
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ভূমিকম্পে দুইজনের মৃত্যু ও অপর ২১ জন আহত হয়েছেন। এতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
 
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভূমিকম্পের পর ২ হাজারের বেশী লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি আরো জানান, আহত সকলকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।
 
ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর একটা ২৮ মিনিটে এ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৪। সুতোপো এক বার্তায় বলেন, ‘ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।’
 
তিনি জানান, এতে ৩১৬টি ঘরবাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ঘটনায় ২ হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে। সুতোপো জানান, উদ্ধার ও দুর্যোগ দপ্তরের কর্মীদের পাশাপাশি প্রায় ২শ’ সৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে।
 

ইত্তেফাক/এএম