তথ্যপ্রযুক্তি ডেস্ক
অতি অল্প সময়ে জনপ্রিয় হওয়া অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ হয়েছে ভারতে। আদালতের আদেশের পর চীনা জনপ্রিয় অ্যাপ টিকটক ভারতে ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল। আদালতের নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
টিকটক অ্যাপ নির্মাতা চীনের বাইটড্যান্স টেকনোলজির পক্ষ থেকে অ্যাপটি নিষিদ্ধ বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করেন তামিলনাড়ুর একটি আদালত। মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে সরকারকে টিকটক অ্যাপ বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। বলা হয়, এটি পর্নোগ্রাফিতে উত্সাহ দিচ্ছে এবং শিশুদের ঝুঁকিতে ফেলছে। জনস্বার্থের একটি মামলা আমলে নিয়ে রুল দেন আদালত।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আইন অনুযায়ী চলার জন্য অ্যাপল ও গুগলের কাছে চিঠি দেওয়া হয়। মঙ্গলবার থেকেই ভারতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হলেও অ্যাপ স্টোরে তা রয়ে গেছে।’
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক অ্যাপের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। তারা আইন মেনে চলবে। বিশেষ ইফেক্ট যুক্ত করে সংক্ষিপ্ত ভিডিও প্রকাশের অ্যাপ হিসেবে ভারতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে চীনা প্রতিষ্ঠানের তৈরি টিকটক অ্যাপ। তবে এর কনটেন্টের যথার্থতা নিয়ে রাজনীতিবিদেরা সমালোচনা শুরু করেন। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছোট ভিডিও শেয়ারের অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ১শ’ কোটিবার ডাউনলোডের মাইলফলক পেরিয়েছে। বেশ কিছু দিন ধরে নানা রকম ভিডিও তৈরির কারণে অ্যাপটি জনপ্রিয় হয়। তবে এর বিরুদ্ধে নানা কুিসত ভিডিও ছড়ানোর অভিযোগও ওঠে।
টিকটক অ্যাপ নিয়ে বাংলাদেশেও আলোচনা হচ্ছে। বাংলাদেশে অ্যাপটি বন্ধ করার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
সূত্র : রয়টার্স