৪০০ উইকেটের ক্লাবে মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

গত তিন ম্যাচ ধরে এই একটা উইকেটের জন্য অপেক্ষা চলছিল। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বেই ৩৯৯ উইকেটে পৌঁছে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু গত তিন ম্যাচে একটি উইকেটও পাননি। ফলে অপেক্ষা বেড়েছে। অবশেষে গতকাল মোহামেডানের ইরফান শুক্কুরকে আউট করে সেই ৪০০ উইকেটের ক্লাবে পৌঁছালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বন্ধু আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার শতাধিক উইকেটের মালিক হলেন মাশরাফি।

সবার আগে ৪০০ উইকেটের এই মাইলফলকে পৌঁছেছেন আব্দুর রাজ্জাক। বাঁ-হাতি এই স্পিনার এই কীর্তি গড়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেই। মাইলফলক ছুঁয়েছিলেন ২৬৯তম ম্যাচে।

বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট সংখ্যায় রাজ্জাকের পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল নিয়েছেন ৩ উইকেট। ফলে ২৮৭ ম্যাচ থেকে মাশরাফির সংগ্রহ ৪০২ উইকেট। চলতি ঢাকা লিগে ১১টি ম্যাচ খেলে তিনি আবাহনীর হয়ে পেয়েছেন ১৩টি উইকেট।

তবে, রাজ্জাক এগিয়েই থাকবেন মাশরাফির চেয়ে। কারণ, মাইলফলক ছুঁতে মাশরাফির চেয়ে বেশ কয়েকটা ম্যাচ কম খেলেছেন রাজ্জাক। এই তালিকার মাশরাফির পর তিনে ৩০৭ উইকেট নিয়ে আছেন সাকিব আল হাসান।

চারে আছেন ফরহাদ রেজা। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম করা এই পেসার ১৮৯ ম্যাচে নিয়েছেন ২৪৫টি উইকেট। পাঁচে আছেন রুবেল হোসেন। এই ফাস্ট বোলারের উইকেট সংখ্যা ২৩৬।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সাবেক এই বাঁ-হাতি ৫৯৪টি ম্যাচ খেলে পেয়েছেন ৮৮১টি উইকেট।

লিস্ট ‘এ’-তে বাংলাদেশের

সেরা ৫

বোলার                           ম্যাচ সংখ্যা            উইকেট

আব্দুর রাজ্জাক                  ২৭৬                    ৪০৮

মাশরাফি বিন মুর্তজা   ২৮৭              ৪০২

সাকিব আল হাসান            ২৩৯                    ৩০৭

ফরহাদ রেজা                   ১৮৯                    ২৪৫

রুবেল হোসেন                  ১৬৪                    ২৩৬