সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন, আহসানুজ্জামান, মমিনুল ইসলাম ওরফে মমিন (২৯), রিয়াশদ হোসেন সেতু (৩০), রাশিদুল ইসলাম ওরফে তাজুল (৩১) ও শামসুজ্জামান ওরফে পলাশ (২৯)। ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গত শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। এর আগে একই অভিযোগে ডিবি (উত্তর) বিভাগ রাজধানী থেকে গত ৭ এপ্রিল ১০ জনকে ও ১৭ এপ্রিল ৩ জনকে গ্রেফতার করেছিল।
ডিবি সূত্র জানায়, শুক্রবার সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় ছিল। ওইদিন সকাল সকাল পৌনে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ডিবি পুলিশ রাজধানীর লালবাগ থানাধীন ইডেন মহিলা কলেজ, মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এর পরীক্ষাকেন্দ্র হতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলে বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ ছাড়াও তারা মোটা অংকের টাকার বিনিময়ে হলের বাইরে থেকে প্রশ্নের উত্তর সরবরাহ করত। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/ইউবি