জেনারেল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

জেনারেল মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন রবিবার দাখিল করেনি তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ২২ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ দিন ধার্য করে দেয়। সময় আবেদন মঞ্জুরের বিষয়টি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষের (পিপি) আসাদুজ্জামান খান রচি। 
 
প্রসঙ্গত, মামলাটি অধিকতর তদন্ত করছেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মামলাটি অধিকতর তদন্ত করে ওই বছরের ২২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত কর্মকর্তা। 
 
তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ ৫ জনকে আসামি করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই