কুমিল্লায় দুটি মামলার আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি হয়েছে। সোমবার দুপুরে এ শুনানি করা হয়। বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত কোনো আদেশ দেয়নি। বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।
চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমায় আটজন যাত্রী নিহত এবং একই উপজেলার হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর দুটি মামলার ওপর এ শুনানি হয়। জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা খালেদা জিয়া ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর আদেশ পরবর্তীতে দেয়া হবে বলে জানান।
মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দতসহ আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ আরো অনেকে।
এর আগে চলতি মাসের গত ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা গত ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন।
ইত্তেফাক/আরকেজি