বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে “রোকেয়া স্টাডিজ” নামে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয়ার সাত বছর পরও চালু হয়নি কোর্সটি। রোকেয়া পাঠ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভায় বেশ কয়েকবার আলোচনা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘রোকেয়া স্টাডিজ’ কোর্সটি এখনো চালু করতে পারে নি।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়ার পরও তার জীবন-দর্শন (রোকেয়া অধ্যায়ন) সংশ্লিষ্ট কোন কোর্স চালু না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৭তম সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যগণের সম্মতিক্রমে প্রতিটি বিভাগে “রোকেয়া স্টাডিজ” নামে একটি কোর্স চালু করার {৭(গ)নং} সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ডক্টর নজরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠিত হয়।
গতকাল রবিবার (২২এপ্রিল) সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়ার ৭ বছর পূর্ণ হয়েছে।
বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে শুধুমাত্র বাংলা বিভাগে “রোকেয়া অধ্যায়ন” নামে একটি কোর্স পড়ানো হয়। সেটিও বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির কারিকুলাম অনুযায়ী নয়। এছাড়া উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে রোকেয়ার সাথে সম্পৃক্ততার কারনে কিছুটা “রোকেয়া” অধ্যায়ন করানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি বলেন, “বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে রোকেয়া অধ্যায়ন না হওয়াটা খুবই দু:খজনক। এ বিশ্ববিদ্যালয়ে ভালভাবে বেগম রোকেয়াকে অধ্যায়ন না করা হলে আর কোথায় হবে।”
এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন সময়ে গঠিত কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: মতিউর রহমান বলেন, “রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোকেয়া অধ্যায়ন নামে একটি কোর্স থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাইতে রোকেয়া সম্পর্কে জানবে এ বিষয়ে কোন বিতর্ক নেই। কারণ, এটি বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে একটি কমিটিও গঠন হয়েছিল। কিন্তু সেই সময়ে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় “বাংলাদেশ স্টাডিজ” নামে একটি কোর্স “রোকেয়া স্টাডিজ” কোর্সের সাথে চালু করার উদ্যোগ নেয়া হয়। পরে কমিটির আহ্বায়ক ততটা গুরুত্ব না দেয়ায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এটি চালু হওয়া উচিত।”
এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সেমিনারে ‘বেগম রোকেয়া’ বিষয়ক কোর্স চালু করার ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
ইত্তেফাক/নূহু