রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন আজ। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন তা সংবিধানের ৪৮ অনুচ্ছেদে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী সংসদ সদস্যগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হওয়ায় আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। গত ৭ ফেব্রুয়ারি আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হওয়ায় এটাই আবদুল হামিদের শেষ মেয়াদ।
ইত্তেফাক/নূহু