রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বরতার তদন্ত করছে যুক্তরাষ্ট্র

রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বর সহিংসতার বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল। সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কাছ থেকে এজন্য হত্যা, ধর্ষণ, প্রহার-সহ অন্যান্য অপরাধের তথ্য সংগ্রহ করছে তারা।
 
যাতে করে মিয়ানমারের সেনাদেরকে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের আওতায় এই তদন্তে হাজারের বেশি রোহিঙ্গার সাক্ষাতকার নেয়া হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা নারীরাও রয়েছে। রাখাইনে সেনাদের সহিংসতার মুখে গত আগস্টের পর থেকে প্রায় সাত রাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
 
জাতিসংঘ এই সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞ বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রও একই দাবি করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার বিচারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বড় উদ্যোগ বলে বিবেচনা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি