রুয়েটের বাসচালক হত্যাকাণ্ড, কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন তারা।
 
বুধবার বেলা ১১টার দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তালাইমারী মোড় হয়ে রুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর তারা প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ করে।
 
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও এই সময়ের মধ্যে তারা আসামি ধরতে পারেনি। এছাড়া রুয়েট অরক্ষিত এলাকা। এখানে কর্মচারীদের কোন নিরাপত্তা নেই। বহিরাগতদের আনাগোনা বেশি। ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে, রুয়েট ক্যাম্পাসে আলোর ব্যবস্থা করতে হবে, সিসি ক্যিামেরা স্থাপন করতে হবে।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, বাসচালক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মঙ্গলবার সকালে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আমরা সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।
 
তিনি আরো বলেছেন, ২০১৪ সালে আব্দুস সালামের ছেলে পলাশের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মারামারি হয়। ওই ঘটনায় পলাশ বাদী হয়ে একটি মামলা করেন। রবিবার ওই মামলার সাক্ষী দেন আব্দুস সালাম। এর পরদিনই খুনের ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/আরকেজি