বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামুলক করা হচ্ছে ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স। ২০১৭-২০১৮ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার থেকে এই কোর্সটি চালু হবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের সকল শিক্ষার্থীর জন্য ননক্রেডিট এবং বাধ্যতামুলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্সটি পরিচালিত হবে।
বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ২২ শে এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫ম সভার সুপারিশক্রমে এবং সিন্ডিকেটের ১৭তম সভায় প্রতিটি বিভাগে ‘রোকেয়া স্টাডিজ’ নামে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে গত ২৩ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে সমাপনী বক্তব্যে ‘রোকেয়া স্টাডিজ’ বিষয়ক কোর্স চালুর ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এর আগে গত সোমবার “সাত বছরেও চালু হয়নি ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স” শিরোনামে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করনে একটি সংবাদ প্রকাশিত হয়।
ইত্তেফাক/নূহু