নোবিপ্রবির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. হূদয় হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নোয়াখালী পৌরসভার পূর্ব লক্ষীনারায়নপুরের বাসিন্দা। বুধবার আদালতে হাজির করা হলে আদালত হূদয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নোবিপ্রবির ওই ছাত্রী নাসরিন বাদী হয়ে হূদয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি আরো জানান, ওই ছাত্রী মাইজদী হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকেন। সে লক্ষীনারায়নপুরে হূদয়দের বাড়িতে তার ছোট বোন স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ান। গত ২ মার্চ রাত পৌনে ৯টার দিকে প্রাইভেট পড়ানোর পর ওই বাড়ি থেকে বাসায় ফিরছিলেন ছাত্রীটি। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে হূদয় ছাত্রীটিকে তার মোটরসাইকেলে উঠার প্রস্তাব দেয়। ছাত্রীটি রাজি না হলে হূদয় তার শরীরে স্পর্শ করে এবং এক পর্যায়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এ অবস্থায় তাকে মাইজদী ও চট্টগ্রাম হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর সে সুস্থ হয়। পরে মঙ্গলবার ওই ছাত্রী থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত হূদয়কে গ্রেপ্তার করা হয়।