এসডিজি অর্জন করতে পুষ্টির ক্ষেত্রে বেশি নজর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের

পুষ্টির বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করলেও কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে হলে সেবা ও সচেতনতা আরও বৃদ্ধি  করতে হবে। এছাড়া এসডিজি অর্জন করতে হলে অবশ্যই পুষ্টির ক্ষেত্রে বেশি করে নজর দিতে হবে। পুষ্টি বিষয়ে আরও সচেতনতা তৈরিতে নীতিনির্ধারকগণ নিজ নিজ অবস্থান তৃণমূল পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। 
 
দেশব্যাপী জাতীয় পুর্ষ্টি সপ্তাহ পালনের ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং উন্নয়ন সমন্বয়-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর কেআইবি কমপ্লেক্সের টিআর-৬০ রুমে (ষষ্ঠতলা) মাননীয় সংসদ সদস্যগণকে পুষ্টি কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা কথা বলেন। 
 
সভায় সাবেক হুইপ সেগুফতা ইয়াসমিন এমিলি এমপি, নাজমুল হক প্রধান এমপি, সেলিনা বেগম এমপি, ফিরোজা বেগম চিনু এমপি, ফরিদুল হক খান (দুলাল) এমপি,  দিলারা বেগম এমপি,  টিপু সুলতান এমপি, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সাবিনা আক্তার তুহিন এমপি, ইয়াসিন আলী এমপি, কবি কাজী রোজী এমপি অংশগ্রহণ করেন। 
 
সভায় সভাপতিত্ব ও সভা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ-এর মহাপরিচালক ডাঃ মোঃ শাহ্ নেওয়াজ। আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি  কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ব্রিগেডিয়ার জেনারেল (ডা. শেখ সালাহউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ফারিয়া শবনম।
 
সভায় ড. আতিউর রহমান বলেন, দেশের সর্বসাধারণের পুষ্টি নিশ্চিত করতে হবে। সেটা না করা গেলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। সংসদ সদস্যগণ এ বিষয়ে বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন।  
 
আলোচনার আগে এবারের পুষ্টি সপ্তাহের থিম সং এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।  এছাড়াও পুষ্টিখাতের অগ্রগতি ও বর্তমান চিত্র এবং দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা: মূলনীতি, থিমেটিক বিষয় ও বাস্তবায়ন, অগ্রগতি ও বর্তমান অবস্থান  বিষয়ক  উপস্থাপন করেন ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন ও ডা. নাজিয়া বিনতে আলম, সহকারি পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। উল্লেখ্য গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। 
 
ইত্তেফাক/রেজা