প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে যৌন হয়রানির অভিযোগে নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামানিককে তিরষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভা শেষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশনা জালিয়াতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে অপসারণ করা হয়েছে। নিজ বিভাগের এক ছাত্রীর আনীত যৌন হয়রানির অভিযোগে নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামানিককে তিরষ্কার ও পরবর্তী পদোন্নতিতে দুই বছর বিলম্ব করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।
এ ব্যাপারে অপসারিত শিক্ষক নাসির আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে যে প্রকাশনার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে এমন কোনো লেখা কোথাও প্রকাশিত হয়নি। আমি এর প্রতিকারে আদালতের দারস্থ হব।’
তিরষ্কৃত শিক্ষক ড. মো. আবদুল হালিম প্রামানিককে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত জানেন না বলে জানান। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত বছরের ৯ জুলাই নাসির উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল।
ইত্তেফাক/ইউবি