বরিশাল-বানারীপাড়া সড়কে বাসচাপায় স্কুলছাত্রীর নিহত

সড়ক অবরোধ

বরিশাল অফিস ও বানারীপাড়া সংবাদদাতা

বরিশাল-বানারীপাড়া সড়কের পশ্চিম নারায়ণপুর গাবতলা নামক স্থানে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় লামিয়া আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। লামিয়া পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার পিতা খাইরুল ইসলাম একটি বহুজাতিক খাদ্য কোম্পানির ভ্যান চালক। স্থানীয়দের বরাত দিয়ে বানারীপাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় লামিয়া উজিরপুর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদালয়ে যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-বানারীপাড়া সড়ক অতিক্রম করছিলো। গাবতলা নামক স্থানে সেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাসটি সড়কের মাঝখানে রেখে ড্রাইভার পালিয়ে যায়। এদিকে লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সকাল সোয়া ৯টা থেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। লামিয়া ঘটনাস্থলে মারা যাওয়ার পরপরই পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে পড়ে। তারা গাছের গুঁড়ি ফেলে প্রায় চারঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে উজিরপুর ও বানারীপাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।