শেকৃবিতে শুরু হয়েছে আন্ত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক মননশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্ত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করছে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশত শিক্ষার্থী। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
 
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ।
 
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। আর অনুষ্ঠানটি শেকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে যা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়।
 
বিতর্ক (বাংলা), কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজী), তাৎক্ষণিক অভিনয় এই  ইভেন্টগুলো শেকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এই প্রতিযোগিতার ১ম ধাপে নাচ, গান ও যন্ত্রসংগীত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি