রবিবার সাড়ম্বরে উদযাপিত হবে বুদ্ধপূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আগামীকাল রবিবার। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ লাভ—এই তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। 
 
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি উৎসবমূখর এবং ভাবগাম্ভীর পরিবেশে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ১০টায় বুদ্ধপূজা, মহাসংঘদান এবং সন্ধ্যে ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিশান্তে ডি সিলভা, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত থাকবেন। 
 
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আগামীকাল সরকারি ছুটির দিন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি