সৈয়দপুরের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার অন্তর্ভুক্ত বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের টিম লিডার কোবেনা আমানকাহ-আয়েহ এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিমানযোগে সৈয়দপুরে এসে পৌঁছলে পৌর কর্তৃপক্ষ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিশ্বব্যাংকের প্রতিনিধি দল দিনব্যাপী বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। 

পরিদর্শনকালে বিশ্বব্যাংকের টিম লিডার কোবেনা আমানকাহ-আয়েহ সৈয়দপুর শহরের উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন শহীদ ক্যাপ্টেন মৃধা সড়ক (ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর রোড), বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড), শের-ই-বাংলা রোডসহ নির্মাণাধীন ৯ তলা বিশিষ্ট সৈয়দপুর সিটি কমিউনিটি সেন্টারে যান। এসব প্রকল্প দেখে প্রতিনিধি দল অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।