চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাজ্জাদুল ইসলাম শাওন নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করে।

জানা যায়, সন্ধ্যার দিকে শাওন তার এক বান্ধবীকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বন্ধুরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়।

শাওন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং ক্যাম্পাসে ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা আবু সাঈদের অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে এ ঘটনার বিচার চেয়ে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করে ছাত্রলীগের এ অংশটি। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

চবি মেডিক্যাল সেন্টারে কর্মরত চিকিৎসক টিপু সুলতান বলেন, আহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিদের্শনা দেওয়া আছে সন্ধ্যা সাতটার পর ঐ সমস্ত এলাকায় না যেতে। তারপরও যারা এ নিদের্শনা মানে না তারা এ সমস্যায় পড়ছে।

তিনি আরো বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত আমরা লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এর আগে সকাল থেকে খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল মাঠে কয়েকবার বাক-বিতণ্ডায় জড়িয়ে পরে ছাত্রলীগের কয়েকটি গ্রুপের কর্মীরা। পরবর্তীতে এসব ঘটনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।

ইত্তেফাক/নূহু