চারজন আটক, অস্ত্র উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার ধনু নদীতে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে একদল নৌ-ডাকাতের গুলি বিনিময় হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের নাজিমউদ্দিন ও জামাল মিয়া, একই গ্রামের মুক্তার আলী এবং নিকলী উপজেলার সিংপুর গ্রামের মারুফ মিয়াকে আটক করে। গুলিবিদ্ধ নাজিমউদ্দিন ও জামাল মিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বাকি দুইজনকে ইটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ, আটটি রামদা, একটি চাপাতি, বিপুল পরিমাণ কাতরা, ঢাল, হলঙ্গা, লাঠি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে। মঙ্গলবার রাত ২টার দিকে ইটনা উপজেলার কুলিভিটা গ্রাম সংলগ্ন ধনু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১০/১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।
ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, আটক নাজিমউদ্দিন ও জামাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে ইটনা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।