উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র ‘পুঙ্গেরি’ আগামী মে মাসেই বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস। একজন মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রটি প্রকাশ্যে বন্ধ করা হবে। এটি প্রত্যক্ষ করতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার এই কেন্দ্রটি গত সেপ্টেম্বর মাসেই হয়তো আংশিক বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবারই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তাদের ঐতিহাসিক বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু-মুক্ত করার ঘোষণা দেন।
IMG0
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র উন ইয়ং-চ্যান বলেছেন, কিম জানিয়েছেন যে তিনি এই ‘মে মাসেই দেশটির পরমাণু পরীক্ষার কেন্দ্রটি বন্ধ করে দেবেন।’ তিনি জানান, এই কাজটি স্বচ্ছতার সাথে করার ব্যাপারে উত্তর কোরিয়ার নেতা প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তিনি এসময় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন।
IMG1
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে এও বলা হয়েছে যে উত্তর কোরিয়া তার ঘড়িতে সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমানে দক্ষিণের সঙ্গে সময়ের তফাৎ আধা ঘণ্টা। এখন দুটো দেশের মধ্যে ঘড়ির সময়ও একই করা হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু