ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কাউকে পেছনে ফেলে সামনে এগোনো যাবে না। পথশিশুদের শিক্ষার জন্য স্কুল পরিচালনা করে ফিউচার বাংলা এক অসাধারণ কাজ করেছে।
রবিবার রাজধানীর সেগুন বাগিচায় কঁচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত ফিউচার বাংলা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তরুণ সামাজিক উদ্যোক্তাদের এই প্রচেষ্টার পাশে থাকার জন্য সমাজের সুবিধাজনক অবস্থানে থাকা মানুষের এগিয়ে আসার আহ্বান জানান ড. আতিউর রহমান।
তিনি বলেন, যে পথ শিশুদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নীতি বাংলাদেশ ব্যাংক চালু করেছে। উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের দেয়া এই সুযোগের সৎ ব্যবহার করার আহ্বান করেন। একই সঙ্গে তিনি ব্যাংকগুলোকে এদের পাশে সিএসআর সমর্থন দিয়ে তাদের কাজকে এগিয়ে নিতে সহয়তা করতে বলেন।
তিনি আরো বলেন, আমাদের সংবিধান এ বলা আছে প্রত্যেক শিশুকে সমান শিক্ষা লাভের অধিকার রয়েছে। ড. আতিউর রহমান এই অধিকার অর্জনের জন্য সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দেবার আহ্বান জানান।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভকেট মোস্তাফিজুর রহমান।