খুলনা অফিস
বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে লাগাতার আন্দোলনের পর দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। স্ব স্ব মিলে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সচল হয়েছে মেশিন। শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাটকলগুলো।
এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকায় শ্রম অধিদপ্তরে বৈঠক চলাকালে খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়। সেখানে মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয়পক্ষ স্বাক্ষর করেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় গত মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ মিলে কাজে যোগদান করেন। ফলে শ্রমিকদের পদচারণায় কর্মচঞ্চল হয়ে উঠেছে খুলনার পাটকলগুলো।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, গত সোমবার মধ্যরাত পর্যন্ত শ্রম অধিদপ্তরে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় ধর্মঘটসহ সকল কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
প্লাটিনাম জুবলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় শ্রমিকরা গত মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দিয়েছে।